কারো চোখে নিজের সমস্ত পৃথিবী খুঁজে পাওয়ার পরও, কেন জীবনের স্বস্তির জন্য, সমাজের বাঁধাধরা নিয়মে নিজেকে বন্দি করে রাখতে হয়? কেন নিঃশব্দে ভালোবেসে যেতে হয়, কেন সাহস করে বলা যায় না "আপনাকে আমার বড্ড প্রয়োজন"?
![]() |
| কেন নিয়মগুলো ভাঙা যায় না? |
কেন হৃদয় পোড়ে অথচ ঠোঁট চুপ থাকে? কেন বুক ফাটে তবুও কান্না আটকে রাখতে হয় চোখের কোণে? কাউকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছা জাগলেও, কেন নিজের হাত দু’টো পেছনে বেঁধে রাখতে হয়? কেন কাঁপা কণ্ঠে বলা যায় না "একটুখানি থাকো, একটু কাছাকাছি"?
কেন একটুখানি ভালবাসা, একটু উষ্ণতা – সমাজের কঠিন নিয়মে হয়ে ওঠে অপরাধ? যার হাত ধরে একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে, সেই মানুষটার হাত ধরেই শেষ নিঃশ্বাস ফেলার স্বপ্ন – কেন নিছকই স্বপ্ন হয়ে থেকে যায়?
কেন এত মায়া, এত ভালোবাসা বুকের গভীরে জমে থাকে, তবু মুখ ফুটে বের হয় না একটি শব্দ? কেন জীবন জুড়ে ভালোবেসেও বলা যায় না "তুমি ছিলে, আছো, থাকবে!"
বৃদ্ধ বয়সে চুলে রূপালি ছায়া পড়বে, আর আমরা একসাথে বসে থাকব রোদেলা বারান্দায় এই ছোট্ট ইচ্ছে, এই অনন্ত স্বপ্নটাও কেন নিয়মের গর্ভেই হারিয়ে যায়?
নিয়ম... এতটা নিষ্ঠুর কেন?
কেন এমন শীতল, যেখানে অনুভূতির কোনো দাম নেই? কেন জীবনের চেয়েও বেশি মূল্যবান হয় নিয়ম?
একবারও কি ভাঙা যায় না সমাজের সেই বেঁধে দেওয়া নিয়মগুলো? একবার হলেও কি ভালোবাসার জন্য নিয়মগুলোকে একটু এলোমেলো করে দেওয়া যায় না?
বিশেষ দ্রষ্টব্য: এই লেখাগুলো আমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না। লিখতে ভালো লাগে তাই লিখছি।

0 মন্তব্যসমূহ