নিশ্চয়ই কোনো এক গন্তব্যে, হঠাৎ করেই আমাদের দেখা হবে! বহুদিনের চেনা সেই মুখটাকে দেখবো - অথচ তোমার চোখে আমি হয়ে উঠবো একজন অপরিচিত! হয়তো তুমিও অভিনয় করবে, যেনো কিছুই চেনা নয়, কিছুই ছিল না!
![]() |
আর আমি? আমি গোপনে, খুব গোপনে, লুকিয়ে লুকিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো।
কারণ, তোমাকে দেখার তৃষ্ণা - এ এক এমন পিপাসা, যা সময়ের সীমানা মানে না! মৃত্যু অবধি সে তৃষ্ণা বহমান থাকবে আমার বিতরে।
জানো প্রিয়, কতদিন তোমাকে দেখি না! তোমাকে এক ঝলক দেখার ইচ্ছেটা ঠিক আগুনে ঘি পড়ার মতো বেড়েই চলেছে! এ অনুভূতির ভাষা আমার জানা নেই। আমি শুধু জানি, সে যন্ত্রণার নাম - ভীষণরকম ভালোবাসা!
স্মরণে আছে? শেষবার যখন তোমাকে দেখেছিলাম, তুমি দাঁড়িয়ে ছিলে আমার গন্তব্যের রাস্তায়, সেই চেনা ভাঙা মোড়ে - চোখে ছিলো অপেক্ষার আলো, মুখে নিঃশব্দ ভাষা। আমি মিথ্যা বলেছিলাম তোমাকে, বলেছিলাম আমার কাছে গন্তব্যের ভাড়া নেই!
সত্যি কথা তো ছিল - তোমাকে একবার শেষবার দেখার অজুহাত খুঁজছিলাম আমি! তুমিও বিশ্বাস করেছিলে! দাঁড়িয়ে ছিলে, আমার জন্য!
দুই সিটের ছোট্ট সেই বাহনে আমি ছুটছিলাম - তোমার দৃষ্টির ছায়া মেখে… আমার চোখ খুঁজছিল শুধু তোমাকে! যতক্ষণ তোমার অবয়ব ছিল চোখের সামনে, আমি তাকিয়ে ছিলাম নির্বাক, নিথর! গাড়িটা যখন পাশ কাটিয়ে যাচ্ছিল, আমি গাঢ় চোখে তোমার মুখপানে চেয়ে রইলাম। সেই চাহনি - সে কি কোনো ছবি হয়ে জমে গেছে আমার স্মৃতির দেয়ালে?
আর মনে আছে তোমার? ড্রাইভার মামা যখন গন্তব্যের দিকে ছুটছিল, তখন আমার হৃদয়টা পড়ে ছিলো পেছনে - তোমার কাছে! চোখ থেকে অঝোরে নেমে এসেছিল জল! জানিনা কোথা থেকে এত পানি এসেছিলো সেদিন… সেই কান্নার সাথে মিশে ছিল প্রার্থনা - "হে খোদা, এই মানুষটাকে আমার কখনো না হারাতে হয়! তাকে আমার করে দাও সারাজীবনের জন্য!"
সেদিন তুমি ছিলে আমার! তবুও, সেইসব কথা বলা হয়নি তোমায় - "হাজার জনম আমি তোমার মুখটা দেখতে চাই!"
বিদায়ের বিষাদ যে কতটা গভীর, তা সত্যিই বোঝা যায় যখন চলে যাওয়া স্থায়ী হয়ে যায়। কেউ একবার বলেছিল - বিদায় শব্দটা ছোট হলেও, এর যন্ত্রণা বিশাল এক শূন্যতা!
তুমি জানো প্রিয়, এমনকি শত্রুর সাথেও যদি কেউ শেষবার দেখা করে, চোখে অজান্তেই পানি এসে পড়ে… আর তুমি তো আমার ছিলে… কিভাবে থামবে এই চোখের জল?
মনে পরে একদিন তুমি এলে আমার ঘরে… এক অদ্ভুত অনুভূতি হয়েছিলো, জানো? যেনো হৃদয়ের কোনো দরজা খুলে গেলো হঠাৎ! সে অনুভূতির ব্যাখ্যা আমি আজও দিতে পারি না। সেদিনটাই ছিল আমাদের শেষ দেখা - জানতেই পারিনি!
এই শহরে হাজারো মানুষ হেঁটে চলে আমার পাশ দিয়ে, কিন্তু তুমি? তুমি আর কোনোদিন এলে না!
ভাবিনি, প্রতিনিয়ত দেখা হতে হতে তোমার সাথে আমার "শেষ দেখা" হয়ে যাবে! তখনও তো ভেবেছিলাম, আবার দেখা হবে, আবার গল্প হবে, হয়তো একসাথে চা খাওয়া হবে - কিন্তু না… আর হলো না!
তবুও আজও, একাকী রাতে, নিঃসঙ্গ ভোরে, মনের গভীর গহীনে একটি আশার প্রদীপ জ্বলে… তুমি হয়তো একদিন ফিরে আসবে… চুপিচুপি বলবে, "ফিরে এসেছি আমি!
চলো, এবার আর ফেলে যাবো না… অসীম পথ পাড়ি দিবো একসাথে!"

0 মন্তব্যসমূহ